শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর-১ (সদর) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা অভিভাবক শূন্য বলে মন্তব্য করেছেন।
তিনি ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে শহরের মাধবপুরস্থ তার বাসায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন। তিনি তার প্রেস ব্রিফিং এ বলেন, শেরপুর সদর আসনে শুরু থেকেই বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছে। বিএনপি’র ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ না করে স্বতন্ত্র ওই প্রার্থীর পক্ষে বিএনপির একটি অংশ কাজ করছে। এদিকে শেরপুর-৩(শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াত প্রার্থীর মৃত্যুজনিত কারণে নির্বাচন বাতিল হয়। ফলে ওই আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং তিন বারের এমপি মাহমুদুল হক রুবেল ও তার কর্মীদের নিয়ে শেরপুর সদর আসনে বিএনপির পক্ষে মাঠে না নেমে তিনি ঢাকায় চলে গেছেন। অথচ ওই আসনের শীর্ষ পর্যায়ের জামায়াতের নেতাকর্মীরা শেরপুর সদর আসনে ব্যাপকভাবে মাঠে নেমেছেন। তাই আমি এখন বিএনপির অভিভাবক শূণ্যতা অনুভব করছে।
ডাঃ প্রিয়াঙ্কা সাংবাদিকদের মাধ্যমে হাত জোড় করে বলেন, “রুবেল আঙ্কেল আপনি যেখানেই থাকুন প্লিজ শেরপুরে আপনার নেতা কর্মীদের নির্দেশনা দিন এবং ধানের শীষ প্রতিকের পক্ষে অবস্থান নিন, তাহলে নিশ্চয়ই শেরপুর-১ এবং শেরপুর-২ আসন ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে। কারণ আপনি দীর্ঘদিন ধরে শেরপুরে রাজনীতি করছেন। আপনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, তিনবারের এমপি, দলের সভাপতি-সম্পাদক পদসহ দলের দুর্দিনে পাশে ছিলেন। আশা করি এবারের নির্বাচনেও আপনি ধানের শীষের পাশে থাকবেন।
প্রিয়াঙ্কার এই প্রেস ব্রিফিং এর সময় তার বাবা ও সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ হযরত আলী এবং সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জামায়েত প্রার্থী মৃত্যুজনিত কারণে বাতিল হওয়া শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীতির প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুদুল হক রুবেল বলেন, আমি তারেক রহমানের নির্দেশে ঢাকায়-১৭ আসনে এসে নির্বাচন করছি। তাই এলাকায় কাজ করতে পারছি না।
