শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর-১ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ। তিনি দলীয় মনোনয়ন না পাওয়ায় নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে অনেকদিন আগে থেকেই মাঠে নেমেছে। ইতিমধ্যেই সে বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম গঞ্জের হাট-বাজারে পথসভা ও উঠোন বৈঠক করে আসছে।
শফিকুল ইসলাম মাসুদের গণসংযোগের এই ধারাবাহিকতায় ২৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকেই শেরপুর পৌর শহরের বিভিন্ন মহল্লায় তার কর্মীদের নিয়ে দ্বারে দ্বারে ভোট চাইছেন।
এ সময় তিনি শহরের ফুটপাতের ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন দোকানপাটের ব্যবসায়ীদের সাথে মোলাকাত করেন এবং বুকে বুক মিলিয়ে ভোট প্রার্থনা করেন। এ গণসংযোগে বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মীদের দেখা যায়।
স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ জানায়, বিগত ১৭ বছরে আমি মামলা-হামলা, জেল-জুলুম সহ নানা অত্যাচারিত হয়ে এবং দুর্দিনের কান্ডারী হয়েও দলের মনোনয়ন পেলাম না। অথচ যিনি ১৭ বছর এলাকায় ছিলেন না তাকে মনোনয়ন দেয়া হলো। তাই এলাকার মানুষের অনুরোধে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি।
উল্লেখ্য শেরপুর-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেয়েছেন ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
