শেরপুরের নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের সিন্ডিকেট, অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে মানববন্ধন

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিন্ডিকেট, অনিয়ম ও অপকর্মের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে এসব কর্মসূচী পালিত হয়। 

এসময় সাধারণ মানুষের পক্ষে বক্তব্য রাখেন, রুহুল সিদ্দিকী রোমান, হাবিবুল্লাহ পাহাড়ি, মাহাদী হাসান সিদ্দিকী, মোঃ মানিক মিয়া, সাব্বির আহম্মেদ, আবদুল্লাহ আল-আমিন, জোবায়ের আহম্মেদ, মুহাম্মদ আলি, মুজাহিদুল ইসলাম উজ্জ্বল, শিহাব সারার নিরব প্রমুখ। 

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের নানা অব্যবস্থাপনা, হাসপাতালে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, রোগীদের সঙ্গে দুর্ব্যবহার এবং বহিরাগত দালালদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ নাজেহাল হয়ে পড়েছে। হাসপাতালের সেবা ও চিকিৎসকদের কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ করছেন সেবাগ্রহীতারা।

মানববন্ধনে অর্ধ শতাধিক মানুষ অংশ নেয়, যাদের মধ্যে ছিলেন বিভিন্ন পেশার প্রতিনিধিরা, নাগরিক সমাজের সদস্য ও রোগীর স্বজন।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ বলেন, আমাদের জনবল সংকট রয়েছে, তারপরও আমরা আন্তরিকভাবে চেষ্টা করবো যেন সমস্যা গুলোর দ্রুতই সমাধান করা যায়।

আরো খবর

আপনার মতামত দিন