শেরপুরের বিশিষ্ট কবি ও সাংবাদিক তালাত মাহমুদ এর স্মরণ সভা অনুষ্ঠিত

by শেরপুর কণ্ঠ ডেস্ক
2 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : তালাত মাহমুদ ছিলেন বহুমুখি প্রতিভাধর ব্যক্তিত্ব। সাহিত্যের প্রায় সব জায়গাতেই তার বিচরণ ছিল। তিনি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অন্যতম প্রধান কবি, গীতিকার, প্রাবন্ধিক ও কলামিস্ট ছিলেন। প্রেম ও সৌন্দর্যের পাশাপাশি তার কবিতায় উঠে এসেছে চেতনা, দ্রোহ ও মানবিকতা। তিনি সাংবাদিক ও সাহিত্যিকের পাশাপাশি একজন সফল সংগঠক ছিলেন। সেই সুবাদে তিনি শেরপুর ও জামালপুরের কবি-সাহিত্যিকদের সংঘবদ্ধ করার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন। এক কথায় এ অঞ্চলের সাহিত্যাঙ্গনকে তুলে ধরেছেন তিনি।

৩ মার্চ মঙ্গলবার বিকেলে কবি সংঘ বাংলাদেশের উদ্যোগে শহরের বটতলাস্থ শ্যামলবাংলা২৪ডটকম’র কার্যালয়ে আয়োজিত এক স্মরণসভায় তার সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে ওইসব কথা বলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিকগণ।

স্মরণসভায় সভাপতিত্ব করেন কবি সংঘ বাংলাদেশের সভাপতি, কবি, গীতিকার ও সাংবাদিক রফিকুল ইসলাম আধার। ওইসময় তিনি প্রয়াত তালাত মাহমুদের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, একসময় রাজধানী ঢাকাসহ ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন এলাকায় সরব বিচরণ করলেও নাড়ির টানে চলে এসেছিলেন শেরপুরে। অথচ তার মতো একজন লেখক-সাংবাদিক ঢাকায় রয়ে গেলে আরও অনেক উচ্চাসনে বসতে পারতেন। কাজেই তার মৃত্যুতে শেরপুর-জামালপুর অঞ্চলের সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি আগামীতে প্রয়াত তালাত মাহমুদের অপ্রকাশিত সাহিত্য সৃষ্টি প্রকাশের পাশাপাশি তালাত মাহমুদ স্মারকগ্রন্থ প্রকাশ ও সাহিত্য সম্মাননা প্রদানের ঘোষণা দেন।

কবি, ছড়াকার ও শিশু সাহিত্যিক মোস্তাফিজুল হকের সঞ্চালনায় স্মরণসভায় আলোচনায় অংশ নেন কার্যকরী সভাপতি কবি আরিফ হাসান, সাধারণ সম্পাদক, কবি-প্রাবন্ধিক ড. আবদুল আলীম তালুকদার, নাজমুল স্মৃতি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. আসমত আলী, অধ্যাপক কবি মোস্তফা জিন্নাহ, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ও গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি রফিক মজিদ, শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মহিউদ্দিন সোহেল, কবি-ছড়াকার নুরুল ইসলাম মনি, কবি হাফিজুর রহমান লাভলু, কবি-ছড়াকার আশরাফ আলী চারু, সিনিয়র সাংবাদিক হাকিম বাবুল ও হারুনুর রশীদ, কবি-সাংবাদিক জুবায়ের রহমান, কবি রবিউল আলম টুকু, প্রভাষক-কবি আজাদ সরকার, প্রভাষক-কবি সালমা শৈলী, মাছুদুল আলম সরকার, খালিদুর রহমান, কামরুজ্জামান বাদল, মঞ্জুরুল হক, মইনুল হোসেন প্লাবন, হানজালা মাহমুদ, আব্দুর রহমান রাব্বী প্রমুখ।

অনুষ্ঠানে জেলার শতাধিক কবি-লেখক ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরো খবর

আপনার মতামত দিন