শেরপুর কন্ঠ ডেস্ক : জ্ঞানভিত্তিক কৃষি উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ শেরপুর গড়ার লক্ষ্য শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। প্রায় পৌনে দুই শত বছরের পুরনো তৎকালীন পৌণে তিনানি জমিদারের প্রশাসনিক ভবন হিসেবে নির্মিত “রং মহল” এ লাইব্রেরীটা প্রতিষ্ঠা করা হয়েছে। এতে কৃষি শিক্ষায় জ্ঞানচর্চার নতুন দ্বার উন্মোচন হবে বলে মনে করছেন স্থানীয় শিক্ষার্থীরা।
২৭ জানুয়ারি মঙ্গলবার সকালে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর নবনির্মিত লাইব্রেরি উদ্বোধন করেন এবং প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এসময় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর অধ্যক্ষ ড. সালমা লাইজু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে জেলা প্রশাসক কৃষি শিক্ষার মানোন্নয়ন, গবেষণাভিত্তিক জ্ঞানার্জন ও প্রশিক্ষণার্থীদের দক্ষতা বৃদ্ধিতে লাইব্রেরির গুরুত্ব তুলে ধরেন। তিনি আধুনিক কৃষি ব্যবস্থাপনা ও টেকসই কৃষি উন্নয়নে প্রশিক্ষণার্থীদের আরও মনোযোগী ও উদ্ভাবনী হওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে অধ্যক্ষ সালমা লাইজু বলেন, মূলত এটিআই এ জমিদার আমলের শীষ মহল নামে একটি পুরাতন ভবন ছিলো সেটি সংস্কার করে ডিপার্টমেন্টাল এই লাইব্রেরীটা উদ্বোধন করা হয়েছে। তবে লাইব্রেরীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। যে কেউ এখানে এসে পড়াশোনা করতে পারবে। প্রাথমিকভাবে আমরা কিছু ডিপার্টমেন্টের বই রেখেছি । যদি কেউ বই গিফট করে সেক্ষেত্রেও এখানে সংরক্ষণ করা হবে।
এদিকে এই লাইব্রেরী প্রতিষ্ঠার বিষয়ে জেলার সচেতন মহল সাধুবাদ জানালেও ইতিহাস সমৃদ্ধ ওই পৌণে তিন আনী জমিদারের শেষ স্মৃতির রং মহলটি সংস্কার করে সরূপ পরিবর্তন করা হয়েছে। এতে নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস এবং সৌন্দর্য পরিবর্তন হয়ে যেতে পারে বলে মনে করছেন তারা।
