শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার রাণীশিমুল পাইলট ইউনিয়ন পরিষদ-এর উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল হামিদ সোহাগের নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
একুশের প্রথম প্রহরে টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে ভাষা শহিদদের আত্মত্যাগ স্মরণ করা হয়।
আদিবাসী জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটি এলাকায় ব্যাপক সাড়া ফেলে। শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে আসা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কোলে ঘুমন্ত শিশুদের উপস্থিতি অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। ভাষা আন্দোলনের চেতনা সকল জাতিগোষ্ঠীর মাঝে ছড়িয়ে দিতে এমন অন্তর্ভুক্তিমূলক আয়োজন সর্বমহলে প্রশংসিত হয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের ব্যতিক্রমী ও অন্তর্ভুক্তিমূলক আয়োজন ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় ঐক্যের শক্তিশালী বার্তাও বহন করে।
