শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিএনপির সকল স্তরের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে শপথ নেয়ার দাবি উঠেছে।
গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পরে এই প্রথম বিএনপি একত্রিত হয়ে ঐক্যবদ্ধের সুর উঠে। উল্লেখ্য, শেরপুর-১ (সদর) আসনে জয়ী হওয়ার মত সব অবস্থা বিদ্যমান থাকলেও দলীয় গ্রুপিং ও নানা কারণে বিএনপির আলোচিত নারী প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা পরাজিত হয়।
২২ মার্চ রোববার রাতে শেরপুর সদর উপজেলা বিএনপির আয়োজনে আহবায়ক মোঃ হযরত আলীর বাসভবন এই পুনর্মিলনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিএনপি’র সাবেক সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ। সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হযরত আলী।
এসময় অন্যান্য অতিথির মধ্যে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনের বিএনপি’র বিজিত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, শহর বিএনপি’র আহবায়ক ও পিপি আব্দুল মান্নান, জেলা বিএনপি সাবেক আহবায়ক এডভোকেট সিরাজুল ইসলাম, শহর বিএনপির সদস্য সচিব জাফর আলী, বিএনপি নেতা সামিউল ইসলাম আতাহার, সাইফুল ইসলাম স্বপন, আকরামুজ্জামান রাহাত, রফিকুল আলম শিপন, আব্দুল মালেক, ছাত্রদল, যুবদল ও মহিলা দল সহ বিভিন্ন অঙ্গদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঈদ পুনর্মিলনীতে জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনের প্রার্থীর পরাজয়ের কারণ বিশ্লেষণ করা হয়। তবে জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হলেও আগামী দিনের রাজনীতিতে সকলকে ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
