শেরপুর কন্ঠ ডেস্ক : রাত পোহালেই পহেলা বৈশাখ, রাত পোহালেই বাংলা নববর্ষ আর বাঙালিয়ানার নানা কৃষ্টি-কালচার ও লোকজ সাংস্কৃতি উৎসব শুরু হবে।
শেরপুরে বাংলা নববর্ষকে বরণ করতে প্রস্তুত রয়েছে শত শত শিক্ষার্থী ও তরুণ সমাজ। বাংলা নববর্ষের বর্ষবরণের শোভাযাত্রায় ব্যবহৃত বিভিন্ন প্লেকার্ড ও ফেস্টুন তৈরিতে ব্যস্ত বিভিন্ন আর্ট স্কুলের শিক্ষার্থীরা। এর পাশাপাশি বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষার্থীরাও তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সড়ক বর্ষবরণের আলপনা আঁকতে ব্যস্ত সময় পার করছে।

বাংলা নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে শহরের মোবারক আর্ট স্কুলের শিক্ষার্থীরা ইতিমধ্যেই ফেস্টুন এবং বাঘ ও প্যাঁচার মুখোশ তৈরির কাজ শেষ করেছে। আগামীকাল সকাল ৯ টায় জেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষের আনন্দ শোভাযাত্রায় এসব ফেস্টুন ব্যবহার করা হবে।
এদিকে শহরের ঐতিহ্যবাহী শেরপুর সরকারি কলেজের প্রধান সড়কগুলো রঙিন রঙের আলপনায় সাজিয়ে তুলেছেন কলেজের শিক্ষার্থীরা। পহেলা বৈশাখ দিন ব্যাপী কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে বর্ষবরণের নানা অনুষ্ঠানমালা।

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, প্রতিবছর ন্যায় এবারও জাঁকজমক ভাবে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উদযাপন করা হবে। এ উপলক্ষে ১৪ এপ্রিল মঙ্গলবার সকাল নয়টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে থেকে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রা এবং শোভাযাত্রা শেষে ডিসি উদ্যানে তিন দিনব্যাপী লোকজ মেলা উদ্বোধন করা হবে। এরপর সন্ধ্যায় ডিসি উদ্যানের বিজয় মঞ্চে বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে।
