শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের নকলায় নিজ সেচ পাম্পের বৈদ্যুতিক তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এক কৃষককে বাঁচাতে গিয়ে দুই কৃষক মারা গেছে।
এরা হলো নকলা উপজেলার ৫ নং বানেশ্বর্দী ইউনিয়নের পুলাদেশী গ্রামের উমেদ আলীর ছেলে মিন্টু মিয়া (৪৫) এবং একই গ্রামের কুবেদ আলীর বড় ছেলে আঙুর মিয়া (৫০)। ঘটনাটি ঘটেছে ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে।
এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় সামিদুল ইসলাম (৬০) নামে আরেক কৃষককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি নিশ্চিত করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক ডাঃ মালিহা নুজাত বলেন, বেলা ৫ টা ৩০ মিনিটে মিন্টু ও আঙুর নামে ২ ব্যক্তিকে নকলা হাসপাতালে আনার পর তাদের মৃত ঘোষণা করা হয় এবং একই সময় সামিদুল ইসলাম নামে অপর একজন কে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী প্রতিবেশী অবসরপ্রাপ্ত আর্মির সার্জেন্ট রেজাউল করিম মিন্টু জানান, মঙ্গলবার বিকেলে কৃষক সামিদুল ইসলাম তার নিজ সেচ পম্প এর বিদ্যুতের তার মেরামত করার সময় মই নিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিচে পড়ে গেলে অপর প্রতিবেশী দুই কৃষক মিন্টু মিয়া ও আঙ্গুর মিয়া তাকে উদ্ধার করতে এসে তারাও বিদুৎ স্পৃষ্ট হয়ে পরে। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই আনার মিয়া জানান, মিন্টু মিয়ার ২ ছেলে ও ২ মেয়ের এবং আঙুর মিয়ার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
নকলা থানার ডিউটি অফিসার তরিকুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে ২ জন নিহতের ঘটনায় সুরতহাল প্রতিবেদন সংগ্রহ করা হয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ জানান, বিদ্যুৎস্পৃষ্টে ২ জন কৃষক নিহতের ঘটনায় নকলা থানায় অপমৃত্য মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
