শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে ‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’ এই শ্লোগানকে সামনে রেখে ‘হদি সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতি’ শিরোনামে একুশে পাঠচক্রের ১৪৫ তম নিয়মিত আসর অনুষ্ঠিত হয়েছে।
৬ আগস্ট বৃহস্পতিবার সকালে জেলার নালিতাবাড়ী উপজেলা শহরের ‘সেঁজুতি’ অঙ্গনে ছোট কাগজ ‘কণ্ঠস্বর’ এর প্রধান সম্পাদক জয়জিৎ দত্ত শ্যামলের সভাপতিত্বে এই পাঠচক্র অনুষ্ঠিত হয়।
এ সময় হদি সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতি নিয়ে বক্তব্য রাখেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গবেষক কবি প্রদীপ মুকুল, হদি সম্প্রদায়ের দু’প্রজন্মের প্রতিনিধি বাবু লিটন দেবসেন, অমা রাণী দেবসেন, শিশু শিক্ষার্থী তাসনিম মাশুক প্রমুখ।
এছাড়া হদি সম্প্রদায়ের কৃষ্টি-কালচার নিয়ে স্মৃতিচারণ করেন হদি সম্প্রদায়ের বয়োজ্যেষ্ঠ ৯০ বছর বয়সী শ্রীমতি মধু রাণী বিশ্বাস।
এসময় অন্যান্যের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষক ছোট কাগজ কণ্ঠস্বর এর নির্বাহী সম্পাদক মুঞ্জুয়ারা বেগম, হদি পরিবারের রতন বিশ্বাস, সাংস্কৃতিক কর্মী মানিক সাহা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একুশে দ্যুতি ও চন্দ্রিকা দ্যুতি।
বক্তারা এ সময় বলেন, বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতী, শ্রীবরদী এবং ময়মনসিংহ জেলায় এখনো হদি সম্প্রদায়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার আছেন। হদিদের নিজস্ব কাচারী ভাষা চর্চার অভাবে এবং লিখিত বর্ণমালার অনুপস্থিতির জন্য বিলুপ্তির পথে হদি সম্প্রদায়ের মাতৃভাষা। তাদের এই নিজস্ব সাংস্কৃতিক ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণের জন্য প্রাতিষ্ঠানিক সাংস্কৃতিক একাডেমি এবং মাযের ভাষায় পাঠ্য পুস্তকের অভাবে নিজস্ব স্বকীয়তা আজ চরম সংকটাপন্ন।
