শেরপুর কন্ঠ ডেস্ক : বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত বলেছেন, ফ্যাসিস্টরা যদি আর দু’তিন বছর থাকতো, তবে বাংলাদেশ সিকিম হয়ে যেতো। ফ্যাসিস্ট সরকার তাদের জুলুম ও কৃতকর্মের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সকল মন্ত্রী পরিষদকে নিয়ে যেভাবে দেশ থেকে ভারতে পালিয়ে গেছে, তা থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত। এ থেকে যদি আমরা কোন শিক্ষা না নেই তবে আমাদের ভবিষ্যৎ খুবই খারাপ আছে। ফ্যাসিস্টের সময় দেশের সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করে তাদের ইচ্ছা মতো নির্দেশনা দিয়ে কাজ করাতেন। যে কারণে আজ প্রায় ২০ বছর দেশে কোন সুষ্ঠু নির্বাচন হয়নি। হাজার হাজার কোটি টাকা পাচারের কারণে দেশ আজ পিছিয়ে পড়েছে।
তিনি ১৩ সেপ্টেম্বর রোববার দুপুরে শেরপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, ১৯৭১ সনে আমরা স্বাধীনতা পেয়েছি এবং ২০২৪ এ আমরা সার্বভৌমত্ব পেয়েছি। আর এই পাওয়ার পেছনে যারা জীবন দিয়েছে তাদেরকে আমাদের স্মরণ রাখতে হবে এবং তাদের চেতনাকে ধরে রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এ সময় শেরপুর জেলায় গারো পাহাড় এলাকায় পর্যটন কর্পোরেশনের পর্যটন স্পট এবং হোটেল-মোটেল নির্মাণের দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন।
শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির এই সভায় সরকারদলীয় শেরপুর-২ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, শেরপুর-৩ আসনের সাংসদ মাহমুদুল হক রুবেল এবং সংরক্ষিত নারী আসনের সাংসদ ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, সিভিল সার্জন ডাঃ মোঃ শাহীন, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ র্যাব, বিজিবি, আনসার ব্যাটালিয়নসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রতিনিধি, বিএনপি ও জায়ামাত এর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী শেরপুর আসলে সার্কিট হাউস প্রাঙ্গনে জেলা বিএনপি নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানায় এবং আইনশৃঙ্খলা কমিটির পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
