শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের বিডাব্লিওএমআরআই হাইবীড ভুট্টা-২ এর ব্লক প্রদর্শনী ও মাঠ দিবস হয়েছে।
সদর উপজেলার দিকপাড়া গ্রামে কুষক মো. শাহজাহান আলীর ১০ বিঘা জমিতে আবাদকৃত ভুট্টা ক্ষেতের পাশে ১৫ এপ্রিল বুধবার দুপুরে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
জামালপুর আঞ্চলিক কেন্দ্র আয়োজিত এ মাঠ দিবসে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট-এর মহাপরিচালক ড. মাহফুজ বাজ্জাজ প্রধান অতিথি এবং ভুট্টার জাত উদ্ভাবক ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহফুজুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
জামালপুর আঞ্চলিক কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আসাদুজ্জামান-এর সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জামালপুর জেলার উপপরিচালক মো. আলম শরীফ, শেরপুর জেলার উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, মো. আকাশ আহমেদ খান, কৃষক মো. শাহজাহান বক্তব্য রাখেন।
কৃষি বিজ্ঞানীরা জানান, ভুট্টা লাভজনক হওয়ায় এর আবাদ দিন দিন বাড়ছে। বিশেষ করে চরাঞ্চলে যেখানে বেলে মাটি, পানিসেচ দিয়ে ধান কিংবা অন্য ফসল চাষে খরচ বেশী, সেসব জমিতে ভুট্টার আবাদ জনপ্রিয় হয়ে ওঠেছে। বিডাবিøওএমআরআই হাইবীড ভুট্টা-২ জাতটি খরা সহনশীল, আবাদে ঝামেলা কম, রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশী, ফলনও ভালো। লাগানোর ১৪০ থেকে ১৫০ দিনের মধ্যে ফলন ঘরে তোলা যায়। ফলন হয় বিঘাপ্রতি প্রায় ৫০ থেকে ৬০ মণ। অন্যান্য জাতের ভুট্টার চাইতে বিডাবিøওএমআরআই হাইবীড ভুট্টা-২ এর ফলন হেক্টর প্রতি প্রায় এক টন বেশী পাওয়া যায়। এতে কৃষকরা লাভবান হচ্ছেন।
কৃষক মো. শাহজাহান জানান, গত বছর থেকে তিনি ১০ বিঘা জমিতে বিডাব্লিওএমআরআই হাইবীড ভুট্টা-২ আবাদ করে আসছেন। গত বছরও ভালো ফলন পেয়েছেন এবং এক হাজার ৫০ টাকা মণ দরে বিক্রী করে ভালো লাভ পেয়েছেন। এবারও শুকনা অবস্থায় বিঘাপ্রতি ৪০ মণ করে ফলন পাবেন বলে জানিয়েছেন।
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট-এর মহাপরিচালক ড. মাহফুজ বাজ্জাজ বলেন, বিডাব্লিওএমআরআই হাইবীড ভুট্টা-২ আমাদের দেশীয় একটি ভুট্টার জাত। বাজারে প্রচলিত অন্যান্য জাতের ভুট্টার বীজ দেশের বাইরে থেকে আমদানী করতে হয়। যাতে অনেক বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। কিন্তু বিডাব্লীওএমআরআই হাইবীড ভুট্টার জাত উদ্ভাবনের ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এর বীজের দামও কম। তাছাড়া আবাদে কম কীটনাশক ব্যবহার হওয়ায় এটি পরিবেশ বান্ধব ও খরচ সাশ্রয়ী।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, শেরপুর জেলায় এবার ৫ হাজার ৩৫০ হেক্টর জমিতে এবং জামালপুর জেলায় ২৭ হাজার হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। দিন দিন ভুট্টা চাষের আবাদীজমি বাড়ছে।
