শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর জেলার সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার গারো পাহাড় এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল এবং নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুরে জেলার শ্রীবরদী উপজেলা পরিষদ চত্তরে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
এ সময় শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধরী অকুল, সদস্য সচিব সোহান, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মো. আল বেরুনী, বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং উপকারভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শ্রীবরদী উপজেলার ৪৪ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীর মধ্যে মোট ১ লাখ ৯৪ হাজার টাকা শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। এর মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ২২ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে মোট ৬৬ হাজার টাকা, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৩ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ৬৫ হাজার টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ৯ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে মোট ৬৩ হাজার টাকা প্রদান করা হয়। এ ছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের পাঁচ নারীকে সেলাই মেশিন এবং সাত শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়।
