শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের শ্রীবরদীতে সরকারি খাল দখল ও ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় পৌরবাসী ।
রবিবার (২ আগষ্ট) দুপুরে ওই মানববন্ধন কর্মসূচিতে এলাকাবাসী খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনার দাবিতে এবং খালটি দখলমুক্ত করে দ্রুত পুনঃখননের দাবিতে পৌরসভার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এই মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী বাসিন্দারা জানান, ঐতিহ্যবাহী এই খালটি কিছু অবৈধ দখলদারদের কারণে ভরাট হয়ে যাওয়ায় পুরো এলাকার স্বাভাবিক পানি প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এর ফলে পৌর শহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট, দোকানপাট ও বসতবাড়িতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। শুধু তাই নয়, পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় শ্রীবরদী শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা, মধ্য বাজার এলাকা ও উত্তর বাজারসহ বেশ কিছু আবাসিক এলাকাতেও সৃষ্টি হয় জলাবদ্ধতা।
বক্তারা আরও বলেন, ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে খননটি খনন করার পর এর নাম হয় ‘জিয়া খাল’। সেটিই আজ কিছু অবৈধ দখলদারদের কবলে পড়ে মৃতপ্রায়। অবৈধ দখলকৃত জায়গাটি সিএস ও আরওআর রেকর্ড অনুযায়ী খাল হিসেবে উল্লেখ থাকার পরেও পরবর্তী বিআরএস রেকর্ডে ব্যক্তি মালিকানাধীন হয়ে যায়। কিভাবে সরকারি খাল ব্যক্তি মালিকানাধীন হয়ে যায়? সেটিই এখন পৌরবাসী জানতে চায়।
এসময় মানববন্ধনে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, সাবেক পৌর মেয়র আবু সাঈদ, বিএনপি নেতা আনিসুর রহমান, আব্দুল্লাহ আল মামুন শাহাজাদা, যুবদল নেতা ইখলাছুর রহমান লিটন, হারুন অর রশিদ, সাবেক পৌর কাউন্সিলর শাহজাহান কবির, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ও পরিবেশ প্রকৃতিপ্রেমী আসাদুজ্জামান প্রিন্স, ব্যবসায়ী ফকির মাহমুদ, নারী নেত্রী রিনা বেগম, ছাত্রদল নেতা রাফিসহ শিক্ষার্থী, ব্যবসায়ী, বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গরা মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
