শেরপুরে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৯ জনকে বিনাশ্রমে কারাদণ্ড

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৯ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে এই দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আকতার হোসেন, মাহবুল, আব্দুল মজিদ, রিপন মিয়া, রবিউল ইসলাম, হারুন অর রশিদ, মোস্তফা, মামুন এবং আছর উদ্দিন। এদের মধ্যে রবিউল ইসলামকে ২ দিনের, আছর উদ্দিনকে ২৫ দিনের, এবং বাকি ৭ জনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা গেছে, সরকারিভাবে বালু মহাল বন্ধ থাকায় সম্প্রতি উপজেলার কালঘোষা ও গজনী বিটের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল এবং তা ব্যাটারিচালিত অটোভ্যানের মাধ্যমে উপজেলা ও জেলার বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছিল।

এ অবস্থায় সোমবার ভোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ বালু ও চালকসহ ১০টি অটোভ্যান এবং একটি ট্রলি আটক করা হয়। পরে দুপুরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘন এবং ১৫(১) ধারা অনুযায়ী উল্লিখিত ৯ জনকে দণ্ডাদেশ প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তদের পরে প্রিজন ভ্যানে করে সরাসরি শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে, জানিয়েছেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, সরকারি বালু মহাল বন্ধ থাকা অবস্থায় কেউ অবৈধভাবে বালু উত্তোলন বা পরিবহন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরো খবর

আপনার মতামত দিন