শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নয়া রাংটিয়া এলাকায় দিনের বেলাতেই বন্য হাতির আক্রমণের ঘটনা ঘটেছে। আজ ঈদের দিন ২৮ মে বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩টার দিকে পাহাড় এলাকায় গরু আনতে গিয়ে হাতির আক্রমণের শিকার হন রহেশ কোচ (৪০) নামের এক ব্যক্তি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রহেশ কোচ পাহাড় সংলগ্ন এলাকায় গরু আনতে যান। বিকেলের দিকে গরু নিয়ে ফেরার সময় হঠাৎ একটি বন্য হাতি তার ওপর আক্রমণ চালায়। এ সময় হাতিটি তাকে সুর দিয়ে পেঁচিয়ে দূরে নিক্ষেপ করে। এতে সে প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়ে কিছুক্ষণ জঙ্গলে লুকিয়ে থাকে। এর কিছুক্ষণ পর আহত রহেশ এর ডাক-চিৎকারে এলাকাবাসী ছুটে আসে।
এসময় স্থানীয়রা চিল্লাচিল্লি শুরু করলে হাতিটি সেখান থেকে সরে যায়। খবর পেয়ে পরিবারের সদস্য ও এলাকাবাসী আহত অবস্থায় রহেশ কোচকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং তার এক্সরে করে দেখা গেছে মেরুদন্ডের হাড় সরে গেছে এবং পায়ের গোড়ালিতে ফ্যাকচার দেখে দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরেই বন্য হাতির বিচরণ রয়েছে। প্রায়ই হাতির দল লোকালয়ে নেমে এসে ফসল নষ্ট, ঘরবাড়ি ভাঙচুর ও মানুষের ওপর হামলার ঘটনা ঘটাচ্ছে। তবে দিনের বেলায় এ ধরনের আক্রমণের ঘটনা খুব কম দেখা যায়। ফলে এখন সাধারণ মানুষ পাহাড় ও আশপাশের এলাকায় যেতে ভয় পাচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, বন্য হাতির উপদ্রব বাড়লেও কার্যকর কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা বন বিভাগ ও প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো প্রাণহানির ঘটনা না ঘটে।
এ বিষয়ে রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, আমি ছুটিতে আছি তবুও ঘটনা জেনেছি আহত ব্যক্তির খোঁজখবর নেয়ার জন্য লোক পাঠিয়েছি। গুরুতর আহত হলে সরকারিভাবে অনুদান পাবে।
