শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
২৭ মে বৃহস্পতিবার দুপুরে শহরের মডেল গার্লস ডিগ্রী কলেজ হলরুমে এই ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ হযরত আলীর আয়োজনে উপজেলার ১৪ ইউনিয়ন, ওয়ার্ড এবং পৌরসভার ওয়ার্ল্ড মোট ৫০০ জন দুস্ত নারী-পুরুষের মধ্যে নগদ এক হাজার টাকা করে ঈদ উপহার প্রদান করা হয়।
এ সময় জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, পৌর বিএনপি’র আহবায়ক ও পিপি এডভোকেট আব্দুল মান্নান, সদস্য সচিব জাফর আলী, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, কৃষক দল সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, শ্রমিক দলের সভাপতি মোঃ শওকত হোসেন, যুবদল নেতা আতাহারুল ইসলাম আতা, জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বল সহ সদর উপজেলা ও পৌর সভার বিভিন্ন স্থানের নেতাকর্মী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি ডাঃ প্রিয়াঙ্কা এমপি বলেন, শেরপুর জেলা একটি কৃষি প্রধান জেলা। এই জেলায় কৃষকদের উন্নয়নের জন্য সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে খাল খনন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আগামীতে ফ্যামিলি কার্ড প্রদানের মাধ্যমে প্রান্তিক মানুষকে স্বাবলম্বী করা হবে। তিনি বলেন, আগামী পাঁচ বছরে রেললাইন, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে শেরপুর জেলাকে উন্নয়নের মডেল জেলা হিসেবে রূপান্তরিত করা হবে ইনশাল্লাহ।
