শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর চূড়ান্ত জাতীয় প্রতিবেদন (ন্যাশনাল রিপোর্ট) প্রকাশ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) শেরপুর জেলা কার্যালয়ের আয়োজনে দেশের অর্থনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন ও অগ্রগতির চিত্র তুলে ধরে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
সেমিনারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জাতীয় প্রতিবেদন বিষয়ে সভাকে অবহিত করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) জয়শ্রী পাল।
সেমিনারে অন্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক খাজা মো. জিয়াউল হক, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ শাহীন, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, জেলা পানিসম্পদ কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল হক ভূঁইয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে জানানো হয়, শেরপুর জেলায় বর্তমান অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৮৭৪ টি, যার মধ্যে স্থায়ী ৪৮ হাজার ৯১০ টি, অস্থায়ী ২ হাজার ৯২৩ টি ও অর্থনৈতিক খানা রয়েছে ৫৬ হাজার ৪১ টি।
জাতীয় শিল্পনীতি অনুযায়ী শেরপুর জেলায় ৪২ টি বৃহৎ শিল্প, মাঝারি ২২৪ টি, ক্ষুদ্র ৩ হাজার ৯৯৬ টি, ৫১ হাজার ৩৪ টি মাইক্রো শিল্প ও ৫২ হাজার ৫৭৮ টি কুটির শিল্প রয়েছে।
