শেরপুর কন্ঠ ডেস্ক : ‘সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করি, নিজ আঙিনা পরিষ্কার রাখি’ এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে।
৬ জুন শনিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত র্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। র্যালিটি জেলা সদর হাসপাতালে গেট থেকে বের হয়ে প্রধান সড়ক ধরে শহরের এগ্রিকালচার ইন্সটিটিউট এর সামনে এসে শেষ করা হয়।
এসময় পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক মিজ্ আরিফা সিদ্দিকা, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ সেলিম মিঞা এবং শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ জেলা সদর হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও সেবিকাগণ অংশগ্রহণ করেন।
জনসচেতনতা মূলক এই র্যালিতে ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো মশার প্রজননস্থল ধ্বংস করা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা কিংবা যেকোনো পাত্রে যেন পানি জমে না থাকে সেদিকে নিয়মিত নজর দেওয়ার আহবান করা হয়।
