শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ীতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যদের সমন্বয়ে একীভূত প্রেসক্লাবের ১৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি বিপ্লব দে কেটুকে আহ্বায়ক এবং দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে।
সোমবার রাতে নালিতাবাড়ী শহীদ মিনার প্রাঙ্গণে প্রেসক্লাবের স্থায়ী ভবনে আয়োজিত অনুষ্ঠানে কমিটি ঘোষণা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলা ভিশনের জেলা প্রতিনিধি এম এ হাকাম হীরা।
এ সময় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা সামেদুল ইসলাম তালুকদার, সাবেক সহসভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক, দৈনিক জনতার উপজেলা প্রতিনিধি লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া ও প্রথম আলো শেরপুর জেলা প্রতিনিধিসহ অন্য সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন, প্রেসক্লাবের সংবিধান সংশোধন এবং সদস্যপদ নবায়নের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানানো হয়।
এম এ হাকাম হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন আহ্বায়ক বিপ্লব দে কেটু, সদস্যসচিব সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ক্লোডিয়া নকরেক কেয়া, মঞ্জুরুল আহসান, জাহাঙ্গীর আলম, মনিরুল ইসলাম, আবদুল মান্নান, লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া ও সামেদুল ইসলাম তালুকদার ।
বক্তারা নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, ‘মানবতার কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা’ এই স্লোগানকে ধারণ করেই আগামী দিনগুলিতে প্রেসক্লাবের কার্যক্রম পরিচালিত হবে।
নালিতাবাড়ীতে প্রেসক্লাবের আহ্বায়ক বিপ্লব দে কেটু ও সদস্য সচিব সাইফুল
16
