শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে তিন দিনব্যাপী ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারোমাস,” স্লোগানে জাতীয় ফল মেলা এবং ‘নিরাপদ কৃষি, নিরাপদ কৃষক, নিরাপদ খাদ্যশস্য, পরিপূর্ণ বাংলাদেশ,” স্লোগানে কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে।
১৮ জুন বৃহস্পতিবার সকালে শেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ফল মেলা এবং কৃষি মেলা উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
মেলার মূল ফটকে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দরা ফিতা কেটে মেলা উদ্বোধন শেষে ফল ও কৃষি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
পরে উপজেলা পরিষদ হলরুমে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় শেরপুরে পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, জাতীয়তাবাদী কৃষক দল নেতা শফিকুল ইসলাম গোল্ডেনসহ সদর উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পর্যায়ের কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
