শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের শ্রীবরদীতে ”লিজেন্ড কাপ’ ক্রিকেট টুর্নামেন্টে বাবার নামের দলের পক্ষে অধিনায়ক হিসেবে মাঠে নামলেন শেরপুর-৩ আসনের সাংসদ মাহমুদুল হক রুবেল।
শুক্রবার ২৯ মে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে দিনব্যাপী “লিজেন্ড ক্রিকেট টুর্নামেন্ট” এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি এবং টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ‘ডাঃ সেরাজুল হক স্মৃতি একাদশ’ এর দলনেতা হিসেবে ‘হিলস একাদশ’ এর সাথে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। শেরপুর-৩ আসনের সাবেক বিএনপির এমপি ডাঃ সেরাজুল হক ছিলেন বর্তমান এমপি মাহমুদুল হক রুবেলের প্রয়াত বাবা।
স্থানীয় সাংসদ খেলোয়াড় হিসেবে খেলার মাঠে উপস্থিত দেখে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যায়। খেলা শুরু হওয়ার আগে থেকেই মাঠে বিভিন্ন এলাকা থেকে দর্শক ও ক্রিকেটপ্রেমীদের ভিড় লক্ষ্য করা যায়। শিশু-কিশোর ও তরুণ-তরুণীসহ নানা বয়সী মানুষ খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত হন। এ সময় পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। এতেকরে ক্রীড়া আয়োজনটি স্থানীয় পর্যায়ে একটি মিলনমেলায় রূপ নেয়। পরিবার-পরিজন নিয়ে অনেকেই এ খেলা উপভোগ করেন।
আয়োজকরা জানায়, টুর্নামেন্টের ১৬ টি দলের মধ্যে উদ্বোধনী প্রথম দিনে শুক্রবার আটটি দল প্রথম রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন। আগামীকাল শনিবার দ্বিতীয় রাউন্ডে ৮টি দল এবং রবিবার সেমি ফাইনাল এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী খেলায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রীড়া আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও তারা জানান।
