শেরপুর কন্ঠ ডেস্ক : ‘দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল’’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সোমবার (২৬ মে) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
অনুষ্ঠানে জাতীয় কবির জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জাতীয় কবির সাম্য, অসাম্প্রদায়িক চেতনা ও শোষণের বিরুদ্ধে তাঁর বিদ্রোহী সত্তার ওপর আলোকপাত করেন এবং নতুন প্রজন্মের মাঝে নজরুলের সাহিত্য ও আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীদের কণ্ঠে হামদ, নাত ও নজরুল গীতি এবং আবৃত্তিকারদের বলিষ্ঠ কণ্ঠে কবির কবিতার নান্দনিক উপস্থাপন উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। সেই সঙ্গে শিল্পীদের বর্ণিল নৃত্যশৈলী পুরো অনুষ্ঠানে এক অন্যরকম আবহ তৈরি করে।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথিরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
