শেরপুর কন্ঠ ডেস্ক : জেলা পুলিশের উদ্যোগে মামলার তদন্তকালীন ত্রুটি-বিচ্যুতি দূরীকরণ ও বিচার প্রক্রিয়ায় সাজার হার বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালা উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
জেলা পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে মূল্যবান জ্ঞান ও দিকনির্দেশনা প্রদান করেন আমন্ত্রিত অতিথি ও শেরপুরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান মাহমুদ মিলন এবং বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হাসান ভূঁইয়া।
এ সময় তারা আইনি দৃষ্টিকোণ থেকে তদন্তের খুঁটিনাটি বিষয়গুলো বিশ্লেষণ করে তুলে ধরেন। এতে মামলা তদন্তের বিভিন্ন পর্যায়ে ঘটে যাওয়া ভুল-ত্রুটি চিহ্নিত করণ এবং দূর করার কৌশল নিয়ে আলোচনা করা হয়। একইসাথে, সুষ্ঠু ও নির্ভুল তদন্তের মাধ্যমে আদালতে দোষী সাব্যস্ত হওয়ার (সাজার) হার বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
এ প্রশিক্ষণ কর্মশালায় ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টরের মর্যাদার ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা তদন্তের আধুনিক পদ্ধতি এবং আইনি প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে হাতে-কলমে শিক্ষা লাভ করেন। এতে শেরপুর জেলা পুলিশের তদন্ত প্রক্রিয়ায় আরও স্বচ্ছ ও কার্যকরী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, ওসি (ডিবি) রেজাউল ইসলাম খান, কোর্ট ইন্সপেক্টর মোঃ জিয়াউর রহমান-সহ প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।
