শেরপুরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শ্যামাপূজা অনুষ্ঠিত 

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে ২০ অক্টোবর সোমবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালীপূজা বা শ্যামাপূজা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে উদযাপিত হয় শুভ দীপাবলি উৎসব।

কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামাপূজা ও দীপাবলি অনুষ্ঠিত হয়। দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামা বা কালীর। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক।

সারা দেশের ন্যায় শেরপুরেও হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ শ্যামাপূজা উদযাপন করছে । রাতে মণ্ডপে মণ্ডপে দেবীর পূজা আয়োজিত হয়। একই সাথে প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা প্রভৃতি কর্মসূচিও পালিত হয়। সন্ধ্যায় মন্দির, মণ্ডপ ও হিন্দুদের ঘরে ঘরে দীপাবলি উদযাপনের জন্য প্রদীপ প্রজ্বালন করা হয়।

শেরপুর শহরের রঘুনাথ জিউর মন্দির, মা ভবতারা মন্দির, গোপাল জিউর মন্দির, গৃদ্দানারায়নপুর কালী মন্দিরসহ শহরের হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন দোকানপাট, বাসা-বাড়ি ও শ্মশানে প্রদীপ প্রজ্বালন করে স্বর্গীয় মা-বাবা এবং আত্মীয়-স্বজনকে স্মরণ করে। 

আরো খবর

আপনার মতামত দিন