শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত ‘ভিজিল্যান্স ও অবজারভেশন টিম” এর সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জানুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের হল রুমে জেলা প্রশাসক ও জেলার রিটার্নিং কর্মকর্তা এবং ‘ভিজিল্যান্স ও অবজারভেশন টিম” এর সভাপতি তরফদার মাহমুদুর রহমান এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি অনিয়ম রোধ, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন এবং নির্বাচনি নিরপেক্ষতা জনগণের নিকট দৃশ্যমান নিশ্চিত করার লক্ষ্যে গঠিত এই টিমের দায়িত্ব ও করণীয় বিষয়ক নানান আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
২০ সদস্যের এ কমিটির অন্যান্য সদস্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, প্রফেসর মোঃ আবদুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁয়া, সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ শাহীন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রেজুওয়ান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সায়েদুল ইসলাম, শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ প্রমুখ। সভায় কমিটির সদস্য অন্যান্য সরকারি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা আগামী জাতীয় সংসদ অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে প্রার্থীদের নানা আচরণবিধি লঙ্ঘন রোধে ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি’র মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ঐক্যমত প্রকাশ করেন।
