শেরপুর-৩ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণায় কেন্দ্রীয় ছাত্রদলের নেতা

by শেরপুর কণ্ঠ ডেস্ক
2 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : প্রার্থীর মৃত্যুজনিত কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। শেষ মহুর্তে জমে উঠছে নির্বাচনী প্রচারণা। 

৬ এপ্রিল সোমবার ধানের শীষের প্রচার ও গণসংযোগে অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান। 

এর আগে গতকাল রোববার দিনব্যাপী ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন। পরে বিকাল শ্রীবরদী কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তিনি। 

বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের ধানের শীষের প্রচারে অংশ নিচ্ছেন তিনি। 

ঝিনাইগাতী উপজেলা সদর বাজার, রাংটিয়া, সন্ধ্যাকুড়া, কাংশায়, শ্রীবরদী উপজেলার সদর বাজার, বালিজুড়ি এলাকায় ধানের শীষের ব্যাপক প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। এ সময় বিএনপি, ছাত্রদলের একাধিক নেতা-কর্মীদের দেখা যায়। 

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান বলেন, কেন্দ্রীয় বিএনপি ও বিএনপির চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে ধানের শীষের প্রচারে অংশ নিচ্ছে ছাত্রদলের একাধিক নেতা-কর্মীরা। এ আসন বিএনপির ঘাটি হিসেবে বেশ পরিচিত। রুবেল ভাইয়ের ধানের শীষ প্রতীকের প্রচার ও গণসংযোগে জনমতে কাজ করছি। 

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল সূচনা শুরু হয়েছে। বহুল প্রতীক্ষিত ফ্যামিলি কার্ড চালু, ধর্মীয় সেবকদের সম্মানিভাতা, কৃষিঋণ মওকুফ এবং দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছে সরকার। ধানের শীষ জনতা ও গণমানুষের আস্থার প্রতীক। তাই এইসব সুবিধা ভোগ করতে ভোটারদের ধানের শীষে ভোট দিতে আহ্বান করছি। 

প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু হলে নির্বাচন কমিশন প্রথমে ভোট স্থগিত এবং পরে নির্বাচন বাতিল ঘোষণা করে। পরবর্তীতে নতুন করে তফসিল ঘোষণা করে আগামী ৯ এপ্রিল ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়।

১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ২৭৭ জন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান।

আরো খবর

আপনার মতামত দিন