শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসে ৪ ধাত্রীকে সম্মাননা প্রদান

1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে চারজন আদিবাসী ধাত্রীকে সম্মাননা প্রদান এবং প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

৯ আগস্ট রোববার বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়  এলাকার রাংটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সম্মাননা প্রদান ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সমাজসেবক গৌরাঙ্গ কোচ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইগাতী উপজেলা টিডব্লুএ’র সভাপতি নীল মাধব হাজং।

অনুষ্ঠানে প্রত্যন্ত গারো পাহাড় এলাকায় যুগযুগ ধরে আদিবাসী সমাজের বিভিন্ন পরিবারে নানা ঘাতপ্রতিঘাত ও প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে ধাত্রী সেবা দিয়ে আসা গারো সম্প্রদায়ের ক্লোরা সাংমা, হাজং সম্প্রদায়ের নিধুনী হাজং এবং কোচ সম্প্রদায়ের বাকাইস্বরী কোচ ও রায়তি কোচকে সংবর্ধনা দেয়া হয়।

নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনায় অন্যান্য অতিথির মধ্যে সহযোগী অধ্যাপক আব্দুল কাদের, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাকিম বাবুল, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, শিক্ষক আব্দুল হান্নান, সিপিবি নেতা সোলাইমান আহমেদ, সুমন্ত বর্মন, যুগল কোচসহ হাজং সমাজ সংগঠন, কোচ কালচার এন্ড ডেভেলপমেন্ট এসোসিয়েশন এবং আদিবাসী সংগঠন আইইডি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা শেষে স্থানীয় কোচ সম্প্রদায়ের পৃথক দুটি গোত্রের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পড়ে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

এর আগে স্থানীয় কোচ সম্প্রদায়ের নারীরা তাদের কৃষ্টি কালচারের অংশ হিসেবে কোচ ভাষায় নাচ ও গান পরিবেশন করেন।

আরো খবর

আপনার মতামত দিন