শেরপুর কন্ঠ ডেস্ক : “সাহিত্যের ছোঁয়া লাগুক হৃদঙ্গনে, নিজেকে গড়ি সুস্থ-সংস্কৃতির অনুশীলনে” এই প্রত্যয়কে সামনে রেখে শেরপুর সরকারি কলেজের খোলা মাঠে আনুষ্ঠানিকভাবে সাহিত্যের পাঠচক্রের কার্যক্রম শুরু হয়েছে।
৪ অক্টোবর রোববার দুপুরে শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে এ পাঠচক্রের উদ্বোধনী কার্যক্রমে প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. রাহাতুল ইসলাম (আলো)-এর দিকনির্দেশনায় এবং সদস্য মাইমুনা মুমু’র তত্ত্বাবধানে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কার্যক্রমের শুরু হয়।
শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পাঠভ্যাস গড়ে তোলা, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশ ঘটানো এবং সুস্থ সংস্কৃতির চর্চাকে আরও বেগবান করাই এই পাঠচক্রের মূল উদ্দেশ্য।
পাঠচক্রের সাহিত্য নিয়ে আলোচনা ও কবিতা পাঠ করেন মাইমুনা মুমু, সোহানা,শান্তা, হৃদয়, তানভীর, পপি, পারভেজ, রেজা প্রমুখ।
একটি ভালো বই শুধু জ্ঞানই দেয় না, মানুষের চিন্তাকে প্রসারিত করে, মূল্যবোধ জাগ্রত করে এবং একটি আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে লক্ষ্যেই কলেজ শিক্ষার্থীদের আত্মগঠন, জ্ঞানচর্চা ও সাহিত্যচর্চার জন্য এই পাঠচক্র পরিচালিত হবে।
ইতিপূর্বে শেরপুর সরকারি মহিলা কলেজের পর শেরপুর সরকারি কলেজ মাঠে এই উদ্যোগ শিক্ষার্থীদের বইপাঠে আরও আগ্রহী করে তুলবে এবং অদূর ভবিষ্যতে জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও পাঠচক্র গড়ে তোলার অনুপ্রেরণা সৃষ্টি করবে। এই পাঠচক্রের মাধ্যমে শেরপুরের শিক্ষাঙ্গনে জ্ঞান, সাহিত্য ও সংস্কৃতিচর্চার একটি শক্তিশালী পরিবেশ গড়ে উঠবে এবং প্রতিমাসে দুই থেকে তিনটি পাঠচক্র আয়োজনের প্রত্যাশা করেন আয়োজকরা।
