শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের নকলা উপজেলার ৯নং চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আলগা উত্তর পাড়া গ্রাম থেকে মনির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চন্দ্রকোনা ফাঁড়ি পুলিশ।
পুলিশের দাবি, তার বিরুদ্ধে চুরি, চাঁদাবাজি, জুয়া ও মাদকসংক্রান্ত মামলাসহ একাধিক মামলা রয়েছে এবং আদালত থেকে তার বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার মনির হোসেন সাবেক চন্দ্রকোনা ইউপি সদস্য কুসুম মেম্বারের বড় ছেলে। মনির হোসেনের বিরুদ্ধে চুরি, চাঁদাবাজি, জুয়া ও ইয়াবা বিক্রির অভিযোগে বিভিন্ন মামলা রয়েছে। এসব মামলায় আদালত থেকে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানায়। আত্মগোপনে থাকা অবস্থায়ও তিনি গোপনে মাদক কারবার চালিয়ে আসছিলেন বলে অভিযোগও রয়েছে।
চন্দ্রকোনা ফাঁড়ির ইনচার্জ আবুল হাশেম বলেন, মনির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করার জন্য আইনগত প্রক্রিয়া চলমান।
এদিকে মনির গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন নাগরিকরা। তাদের অভিযোগ, ওই এলাকায় নিয়মিত জুয়ার আসর বসে এবং মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চলে।
