শেরপুর সীমান্তে পাহাড় ধ্বসে যান চলাচল ব্যাহত

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে শেরপুরের শ্রীবরদী উপজেলার গারো পাহাড় এলাকার সীমান্ত সড়কের বালিজুরি গলাচিপা নামক স্থানের পাহাড় ও গাছ ধ্বসের ঘটনা ঘটেছে। এতে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলে স্থানীয় বিভাগ গাছ কেটে সাময়িকভাবে চলাচল উপযোগী করলেও রাস্তার উপর প্রচুর মাটি থাকায় সমূহ দুর্ঘটনা আশঙ্কা রয়েছে বলে জানা গেছে। 

জেলার শ্রীবরদী উপজেলার বালিজুরি বন বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার ১১ জুলাই দুপুরে অতিবৃষ্টির কারনে বালিজুরী থেকে ঝুলগাও সীমান্ত সড়কের গলাচিপা নামক স্থান আকস্মিকভাবে পাহাড়ের আংশিক ধসে পড়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় বন বিভাগ কর্তৃক গাছ অপসারণ করা হয়। তবে রাস্তার উপর প্রচুর মাটি থাকায় সীমান্ত সড়ক ব্যবহারে সতর্কতা অবলম্বন অথবা বিকল্প সড়ক ব্যবহার করার জন্য বালিজুরী রেঞ্জের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, বৃষ্টির কারণে শনিবার দুপুরে আমার অফিসের কাছাকাছি গলাচিপা নামক স্থানে সীমান্ত সড়কের উপর পাহাড় ধ্বস ও গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। পরে আমার লোকজন নিয়ে গাছ কেটে রাস্তা পরিষ্কার করলেও মাটি সরানো কাজ করছে ফায়ার সার্ভিস। আশা করি রাতের মধ্যে মাটি সরানোর কাজ শেষ হবে।

আরো খবর

আপনার মতামত দিন