শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের নকলা উপজেলায় নদীতে ডুবে যাওয়া এক শিশুকে উদ্ধার করতে গিয়ে লামিয়া আক্তার (১৪) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভাগ্যক্রমে প্রাণে বেঁচে ফিরেছেন নিহতের জমজ বোন সামিয়া আক্তার।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার চরমধুয়া গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। নিহত লামিয়া আক্তার নকলা উপজেলার চরমধুয়া গ্রামের সেলিম রেজার জমজ কন্যা। সে চরমধুয়া বিদ্যানিকেতনের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, লামিয়া আক্তার ও তার জমজ বোন সামিয়া আক্তার বাড়ির পাশে নদীতে গোসল করতে যায়। এ সময় তারা সিজদা (৮) নামে এক শিশুকে নদীর পানিতে ডুবে যেতে দেখে। শিশুটিকে বাঁচাতে দুই বোনই পানিতে ঝাঁপিয়ে পড়ে আপ্রাণ চেষ্টা চালায়। একপর্যায়ে তারা সিজদাকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে তাকে উদ্ধারের সময় লামিয়া পানিতে ডুবে যায়।
পরে স্থানীয়রা অনেক চেষ্টা করে লামিয়াকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়। অপরদিকে, লামিয়ার জমজ বোন সামিয়া আক্তার ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যায়।
একই সঙ্গে জন্ম নেওয়া দুই বোনের একজনের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয়রা জানান, নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্য শিশুকে বাঁচাতে গিয়ে লামিয়ার এমন মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। তার সাহসিকতা ও মানবিকতার কথা স্মরণ করে শোক প্রকাশ করেছেন এলাকাবাসী।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
