শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সর্ববৃহৎ ব্যবসায়ী সংগঠন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেড-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে স্থানীয় ধানহাটিতে সমিতির সভাপতি আলহাজ মো. মোখলেছুর রহমান খাঁনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির কোষাধ্যক্ষ জাহিদুল হক মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। প্রধান আলোচক ছিলেন ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা।
এ সময় বিশেষ অতিথি ছিলেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ ও সদস্য সচিব মো. লুৎফর রহমান।
এছাড়াও অন্যান্য অতিথির বক্তব্য রাখেন আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান ছালেহ আহমেদ, শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মাসুদ হাসান মাসুম এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ।
প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল এমপি বলেন, “সমবায়ের মূল শক্তি হচ্ছে পারস্পরিক আস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা। ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই। ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি সদস্যদের কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছে, তা প্রশংসার দাবিদার। সরকারের পাশাপাশি ব্যবসায়ীদের উন্নয়ন ও সমিতির সার্বিক অগ্রযাত্রায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানের শেষে র্যাফেল ড্রয়ের মাধ্যমে উপস্থিত ৬০ জন সদস্যের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
