শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের ঝিনাইগাতীতে নজরুল বর্ষের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩ জুলাই শুক্রবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা হলরুমমে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সাংসদ মাহমুদুল হক রুবেল।
এসময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম ও ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিন।
এছাড়া অন্যান্যের মধ্যে জেলা বিএনপি নেতা এডভোকেট সিরাজুল ইসলাম, আব্দুল আউয়াল চৌধুরী, ঝিনাইগাতী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান, শেরপুর চেম্বার সভাপতি আলহাজ্ব মোঃ আরিফ হোসেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সিনিয়র সাংবাদিক এসকে সাত্তার সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাহিত্য সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ কবি নজরুলের লেখা কবিতা আবৃত্তি, হামদ-নাথ, গান ও নৃত্য পরিবেশন করেন।
পরে উপস্থিত অতিথিরা আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পুরস্কার বিতরণ শেষে স্থানীয় মহারশি সাহিত্য পরিষদের পক্ষ থেকে সভাপতি জামাল শেখ ও সাধারণ সম্পাদক শামসুল হক শামীমসহ অন্যান্য কবি-সাহিত্যিকরা অতিথিদের উত্তরীও পরিয়ে ব্যাগ ও বই উপহার তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি শেরপুর-৩ আসনের সাংসদ মাহমুদুল হক রুবেল তার বক্তব্যে নজরুলের দর্শনকে ধরে রেখে এবং অপসংস্কৃতিকে পরিহার করে আগামী প্রজন্মকে সুস্থ সাংস্কৃতির পথে ধাবিত করার আহ্বান জানান। একই সাথে তিনি এই এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সাংস্কৃতিকে টিকিয়ে রাখতে একটি কালচারাল একাডেমী প্রতিষ্ঠা করার আশ্বাস দেন।
