শেরপুর গারো পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য কালচারাল সেন্টার নির্মাণ করা হবে। -এমপি রুবেল

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মাহমুদুল হক রুবেল বলেছেন, আমাদের এই এলাকার পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে গারো, কোচ, হাজং সহ অন্যান্য নৃ-গোষ্ঠীদের কৃষ্টি-কালচার ধরে রাখতে কালচারাল সেন্টার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের কৃষ্টি-কালচারের পাশাপাশি বাংলাদেশি সকল জাতি গোষ্ঠীর কৃষ্টি-কালচারকেও ধরে রাখা খুবই জরুরী।

৪ জুলাই শুক্রবার রাতে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা হলরুমে নজরুল বর্ষ উপলক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

এ সময় তিনি নজরুলের দর্শনকে ধরে রেখে এবং অপসংস্কৃতিকে পরিহার করে আগামী প্রজন্মকে সুস্থ সাংস্কৃতির পথে ধাবিত করার আহ্বান জানান।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম ও ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিন। 

এছাড়া জেলা ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা, সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ কবি নজরুলের লেখা কবিতা আবৃত্তি, হামদ-নাথ, গান ও নৃত্য পরিবেশন করেন।

পরে উপস্থিত অতিথিরা আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আরো খবর

আপনার মতামত দিন