শেরপুর কন্ঠ ডেস্ক : ২০২৫-২০২৬ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের ‘উপজেলা উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় প্রাপ্ত বরাদ্দ হতে দুস্থ ও অসহায় মহিলাদের মধ্যে সেলাইমেশিন বিতরণ করেছেন শেরপুর-১ (সদর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ।
শেরপুর সদর উপজেলার ১৪ ইউনিয়নের মধ্য থেকে অবহেলিত ও হতদরিদ্র নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হিসাবে গড়ে তোলার লক্ষ্যে আজ ২ জুলাই বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ৫০ জন নারীর হাতে সেলাইমেশিন তুলে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-১ (সদর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর মাওলানা মো. হাফিজুর রহমান, জেলা মজলিসে শুরার সদস্য ডা. মো. আনোয়ার হোসাইন, জামায়াত নেতা মাওলানা নুরুল আমীন, মাওলানা আতাউর রহমান, মাওলানা নূরে আলম সিদ্দিক, মাওলানা আব্দুস সোবহান প্রমুখ।
প্রধান অতিথি সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ বলেন, গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সেলাইমেশিনগুলো কেবল একটি উপহার নয় বরং একেকটি পরিবারের ভাগ্য বদলের হাতিয়ার। এই একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারী তাঁর ভাগ্য বদলাতে উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন।
সেলাইমেশিন পেয়ে উপকারভোগী রোজিনা, শাহিদা, বর্ষা ও পারভীন আনন্দ প্রকাশ করে প্রায় অভিন্ন ভাষায় বলেন, সংসদ সদস্য মহোদয়ের এই উপহার আমাদের দরিদ্র পরিবারে বেঁচে থাকার নতুন আলো দেখিয়েছে। এখন থেকে ঘরে বসেই উপার্জন করে আমরা আমাদের সন্তানদের লেখাপড়া ও সংসারের খরচ চালাতে পারব।
