শেরপুর কন্ঠ ডেস্ক : সম্প্রতি মাদকবিরোধী প্রতিবাদ ও সামাজিক সচেতনতা কার্যক্রমে অংশগ্রহকারী ছাত্রদল নেতাকর্মীদের ওপর মাদকসেবী ও ব্যবসায়ীদের হামলা এবং হুমকির প্রতিবাদে বিক্ষোভ-মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
৪ অক্টোবর রোববার সকালে শেরপুর সরকারি কলেজ ও ডাঃ সেকান্দর আলী কলেজ ছাত্রদল এর যৌথ আয়োজন শহরের বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন।
পরে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এবং পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলামের কাছে ওইসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, গত ২ অক্টোবর সন্ধ্যায় শহরের গৌরীপুর মহল্লায় শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রাব্বি ও ডাঃ সেকান্দার আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ স্বাধীন এর উপর স্থানীয় মাদক সেবী ও ব্যবসায়ীরা সন্ত্রাসী হামলা চালিয়ে আহত করে।
এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। কিন্তু আসামিরা এখনো এলাকায় তাদের মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছে। এঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে অনেক আতঙ্ক বিরাজ করছে।
বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা মাদকবিরোধী কার্যক্রমে অংশগ্রহনকারীদের নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলা ও হুমকির সঙ্গে জড়িতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং শেরপুর মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম বলেন, ঘটনার দিন রাতেই ঘটনাস্থল থেকেই দুজনকে আটক করা হয়েছে। এছাড়া এজাহার দায়ের করার পরে আরো যারা জড়িত আছে তাদেরকে খোঁজা হচ্ছে।
