শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন শতাধিক প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস উপহার দিয়েছেন।
২৭ আগস্ট বৃহস্পতিবার জেলা প্রশাসকের পক্ষ থেকে নতুন স্কুল ড্রেস ও ক্রীড়া সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী শেরপুর সদর উপজেলার মোবারকপুর, দমদমা কালিগঞ্জ ও শেখহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১০৮ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস উপহার প্রদান করা হয়।
উল্লেখ্য যে, পিছিয়ে পড়া পরিবার থেকে আসা এই বিদ্যালয়গুলোর কোমলমতি শিক্ষার্থীদের স্কুল ড্রেস না থাকার বিষয়টি জেলা প্রশাসক ইতোপূর্বে স্কুল পরিদর্শনে গিয়ে জানতে পারেন।
মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের আগ্রহ ও উৎসুক আবেদনের পরিপ্রেক্ষিতে ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল প্রদান করা হয়।
এসময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের গুরুত্ব ও পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরতে এবং ছোটবেলা থেকেই তাদের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে কাটবাদাম, সোনালু ও কৃষ্ণচূড়ার গাছের চারা রোপন করা হয়।
শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও পরিবেশবান্ধব মানসিকতায় গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানায়।
