শেরপুর কন্ঠ ডেস্ক : ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী পাহাড়ি জেলা শেরপুরের বন্যহাতি উপদ্রুত এলাকায় বন্যহাতি ও মানুষসহ জানমাল সুরক্ষায় উচ্চ পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হয়েছে শেরপুরে নালিতাবাড়ীতে।
শনিবার ৫ জুলাই দুপুরে উপজেলার মধুটিলা ইকোপার্কের মহুয়া রেস্ট হাউজ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী।
সেমিনারে সংসদ সদস্য ফাহিম চৌধুরীর উদ্যোগে বন্যহাতির গতিবিধি পর্যবেক্ষণ ও স্থানীয় বাসিন্দাদের কাছে আগাম সতর্কতা পৌছে দিতে গহীন বনে আর্লি ডিটেক্টিভ ডিভাইস বা এআই নিয়ন্ত্রিত ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা এবং বিভিন্ন সুপারিশমালা তুলে ধরা হয়।
বন্যহাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপের প্রথম ধাপেই নালিতাবাড়ী উপজেলার বন্যহাতি উপদ্রুত এলাকায় এআই প্রযুক্তির ১৫টি আর্লি ডিটেক্টিভ ডিভাইস বসানো হবে বলে ঘোষণা দেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী।
সেমিনারে মূল আলোচনা তুলে ধরেন ক্রিয়েটিভ কনজারভেশন এলায়েন্স এর কমিউনিটি গভরনেন্স স্পেশালিস্ট আবরার আহমাদ।
এ সময় অন্যান্যের মধ্যে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বক্তব্য রাখেন।
এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদেক আলী খান, রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলীসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।
