শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক অভিযানে গাঁজা বিক্রির সময় হাতেনাতে আকাশ (২১) নামে এক মাদক কারবারিকে আটক করে আঠারো মাসের কারাদন্ড দেয়া হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা গেছে, ২৬ আগস্ট বুধবার বিকেলে সদর উপজেলার বলাইচর ইউনিয়নের চক সাহাব্দি দিয়ে আসাম পাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এর নেতৃত্বে পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সঙ্গীয় ফোর্স সহ এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ওই গ্রামের মাদক কারবারি আব্দুল আজিম এর ছেলে আকাশের (২১) বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সোর্সের মাধ্যমে ছদ্মবেশে গাজা ক্রয় করতে গেলে আকাশকে বিপুল পরিমাণের গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
এসময় আকাশের বাড়ির অন্যান্য সদস্য এবং আত্মীয়-স্বজনরা ধারালো দা-কাঁচি ও লাঠিসোটা নিয়ে হামলার চেষ্টা চালায়। কিন্তু ভ্রাম্যমান আদালতের সঙ্গীয় ফোর্স থাকায় তারা ব্যর্থ হয়।
পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ওই মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮ মাসের বিনাশ্রম কিরাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও একদিনের কারাদণ্ড দেওয়া হয়।
পড়ে তাকে শেরপুর সদর থানা পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
